admin ২৫ আগস্ট ২০২৫ , ১২:২৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মাহবুবুজ্জামান সেতু : নওগাঁর মান্দায় বিষের বোতলের ঢাকনা (সিপি) মুখে দেওয়ার পর রাফিয়া আক্তার নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

জানা গেছে, উপজেলার ঘাটকৈর গ্রামের মো. আরমান হোসেনের মেয়ে রাফিয়া সকালে বাড়ির বারান্দায় খেলছিল। এসময় হামাগুড়ি দিয়ে এক কোণে রাখা বিষের বোতলের সিপি মুখে দেয় সে। কিছু সময় পর অসুস্থ হয়ে পড়ে এবং মুখ দিয়ে লালা বের হতে থাকে।
পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। এরপর শিশুটিকে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে তাৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সকাল সাড়ে ৯ টার দিকে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাফিয়া।
এবিষয়ে শিশুটির দাদা মো. আব্দুল হামিদ (৫৮) মান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে জানান, ‘‘আমার নাতনির মৃত্যুর ঘটনায় আমাদের পরিবারের কারো প্রতি কোনো অভিযোগ নেই এবং এ নিয়ে আমরা কোনো মামলা-মোকদ্দমাও করবো না।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলেও ঘটনাটি নথিভুক্ত করা হয়েছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











