মাহবুবুজ্জামান সেতু : নওগাঁর মান্দায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মো. আল-আমিন নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের তেগাড়িয়া গ্রামের ঘোলহারিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত আল-আমিন উপজেলার চকআবরুশ গ্রামের মো. এরশাদের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার তেগাড়িয়া গ্রামের ঘোলহারিয়া ঘাট এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী আল-আমিনকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, ‘অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





