দেশজুড়ে

চাঁদাবাজি নিয়ে জনতার আলো’তে সংবাদ প্রকাশ, শ্রমিক দলের সেই যুগ্ম আহ্বায়ক রাসেল বহিষ্কার

  admin ২৮ আগস্ট ২০২৫ , ৫:২৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাহমুদুল হাসান : রাজধানীর দিয়াবাড়িতে ফুডকার্টের আড়ালে মাসিক প্রায় পাঁচ লাখ টাকার চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে আসার পর তুরাগ থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেলকে বহিষ্কার করা হয়েছে।

গত ১১ আগস্ট ২০২৫ তারিখে জনতার আলো পত্রিকায় প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঁদাবাজির বিষয়টি উঠে আসে। প্রতিবেদন প্রকাশের পর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অবৈধ বাজার উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করে এবং বাজারটি গুড়িয়ে দেয়। অভিযানের পর চাঁদাবাজি ও অবৈধ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে রাসেলকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর শাখা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা ও সদস্য সচিব মো. কামরুল জামান যৌথভাবে রাসেলকে দলের সাধারণ সদস্য পদসহ সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। বহিষ্কারাদেশ কার্যকর হওয়ার পর তিনি আর শ্রমিক দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না এবং তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার দল বহন করবে না।

এছাড়াও, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদাবাজির সঙ্গে জড়িত দুলাল ও জহির নামে দুই ব্যক্তি শ্রমিক দলের কেউ নন।

সংগঠনটি অবৈধ চাঁদাবাজি ও দখলদারিত্ব রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন।

আরও খবর:

Sponsered content