রাজধানীর পল্লবীর এভিনিউ-৫ এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় শুটার সাব্বির নামে এক যুবককে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে স্থানীয় বাসিন্দা, ৩ নম্বর ওয়ার্ড যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক সাব্বির শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘ভইরা দে’ আশিকের বাহিনীর সদস্য বলে অভিযোগ রয়েছে। এলাকায় ককটেল বিস্ফোরণের পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন।
এলাকাবাসীর দাবি, সাব্বির দীর্ঘদিন মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি বাংলাদেশে ফিরে আসেন। গত কয়েক দিন ধরে ‘ভইরা দে’ আশিকের বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড ও মিশনে অংশ নেওয়ার উদ্দেশ্যে তিনি এলাকায় যাতায়াত করছিলেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাকে কেন্দ্র করে পল্লবীর এভিনিউ-৫ এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।