মাহবুবুজ্জামান সেতু : নওগাঁর মহাদেবপুরে আসাদ (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাতাজীহাটের সাতগ্রাম এলাকায় খাড়ির ব্রিজের কাছে একটি গাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহত আসাদ উপজেলার বেতবহুতি গ্রামের আছির উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে এক ব্যক্তি মুঠোফোনে কল করে আসাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা তাঁর মুঠোফোনে একাধিকবার কল করেও কোনো সাড়া পাননি। পরে আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।
নিহতের নানা হারুন জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে খাড়ির পাশের একটি গাছে আসাদের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে বিষয়টি মাতাজীহাট পুলিশ ফাঁড়িতে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পরিবারের অভিযোগ, আসাদকে পরিকল্পিতভাবে হত্যা করে তাঁর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। তাঁকে কে বা কারা ডেকে নিয়ে গিয়েছিল, তা নিয়েও রহস্যের সৃষ্টি হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।