দেশজুড়ে

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মান্দায় মানববন্ধন

  admin ১১ আগস্ট ২০২৫ , ৮:১৯ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাহবুবুজ্জামান সেতু : গাজীপুরে “দৈনিক প্রতিদিনের কাগজ” এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে নওগাঁর মান্দায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) বিকেলে উপজেলার প্রসাদপুর বাজারের গোলচত্বর মোড়ে এ কর্মসূচির আয়োজন করে মান্দা মিডিয়া সেন্টার। মানববন্ধনে অংশ নেন স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক কর্মী, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশে বক্তব্য রাখেন মান্দা মিডিয়া সেন্টারের উপদেষ্টা আব্দুল মালেক, সভাপতি আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি খ.ম আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক মাহবুবুজ্জামান সেতু প্রমুখ।

বক্তারা বলেন, “সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা শুধু সাংবাদিকদের নয়, পুরো দেশের মানুষের নিরাপত্তাহীনতার চিত্র স্পষ্ট করে। সারা দেশের সাংবাদিকরা এখন আতঙ্কে রয়েছেন।

তারা আরও বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

কর্মসূচির আগে মান্দা মিডিয়া সেন্টারে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে নিহত সাংবাদিক তুহিনসহ প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

বক্তারা তুহিনের পরিবার, বিশেষ করে তার এতিম সন্তান ও বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তারা সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

উল্লেখ্য, নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ২০০৫ সাল থেকে গাজীপুরের চান্দনা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। একটি ক্লিনিক পরিচালনার পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে সক্রিয়ভাবে সাংবাদিকতা করছিলেন। গত ৭ আগস্ট সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ ও র‌্যাব এখন পর্যন্ত ৭ জনকে আটক করেছে।

আরও খবর:

Sponsered content